৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের নারীর বিয়ে, বৃদ্ধাশ্রমে নতুন সংসার শুরু

আন্তর্জাতিক ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে বসবাসের পর নতুন করে সংসার শুরু করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৬৩ বছর বয়সী এক নারী। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

বর কানহাইয়া লাল এবং কনে সাবিনা। বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ হিন্দু বিয়ের প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়। বিয়েতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কানহাইয়া লাল ও সাবিনা হলুদ পোশাক পরেন। হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন তারা।

ব্যতিক্রমী এই বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং উপহার তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, এই বিয়ে সমাজের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। বয়স যা-ই হোক, পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার সবার রয়েছে। বয়স বেড়ে যাওয়া মানেই জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে সরে আসা নয়।

একাকিত্ব থেকে নতুন সঙ্গ

এই বিয়ের পেছনে রয়েছে হৃদয়স্পর্শী এক গল্প। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন।

একসময় পরিবারের সঙ্গে বসবাস করতেন কানহাইয়া। তবে স্ত্রীর মৃত্যুর পর নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে আশ্রয় নিতে বাধ্য হন একটি গুহায়। তার বাড়ি হিমাচল প্রদেশের মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামে।

অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। প্রথমে তাকে সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।

একই প্রতিষ্ঠানে বসবাসের সুবাদে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

প্রকাশ চাঁদ বানসাল জানান, দুজনই স্বেচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন করে জীবন গড়তে সহায়তা করা সবার দায়িত্ব।

বিয়ের পর সোলানে নতুন ঠিকানা

বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই একসঙ্গে দাম্পত্য জীবন শুরু করবেন তারা।

বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বানসাল, ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসালসহ অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও একাকিত্ব পেরিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কানহাইয়া লাল ও সাবিনা। বয়স কিংবা প্রতিকূলতা যে নতুন করে ভালোবাসা ও সঙ্গী খুঁজে নেওয়ার পথে বাধা হতে পারে না, তাদের এই বিয়ে যেন সেই বার্তাই দিয়েছে।

সূত্র: এনডিটিভি

  • ৬৩ বছরের নারী
  • ৭৫ বছরের বৃদ্ধ
  • Kagojer patrika
  • কানহাইয়া লাল ও সাবিনা
  • বৃদ্ধাশ্রমে বিয়ে
  • ভারতের ব্যতিক্রমী বিয়ে
  • হিমাচল প্রদেশ