২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? ৬ দেশে শতবর্ষের আসরের সব তথ্য একসঙ্গে

স্পোর্টস ডেস্ক , সোমবার, ২০ জুলাই, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতেই ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন ২০৩০ বিশ্বকাপকে ঘিরে। শতবর্ষের এই বিশেষ আসর আয়োজন করতে যাচ্ছে ছয়টি দেশ এবং তিনটি মহাদেশ, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও একটি করে ম্যাচ আয়োজন করবে। ফলে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশে এবং ছয়টি দেশে।

উরুগুয়েকে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হচ্ছে ঐতিহাসিক কারণে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল-এর সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিও শতবর্ষের বিশেষ আয়োজনের অংশ হচ্ছে।

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ ও ৯ জুন ২০৩০ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে শতবর্ষ উপলক্ষে বিশেষ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মূল পর্ব শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২১ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ফিফা।

আয়োজক হওয়ার সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ৪২টি দল বিভিন্ন মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেবে।

এদিকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবেও ইতোমধ্যে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগতিক ঘোষণা করা হয়।

এ ছাড়া ২০৩০ বিশ্বকাপকে ঘিরে আরেকটি বড় আলোচনা চলছে। বর্তমানে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থাকলেও, ফিফা সেটিকে ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনা করছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে ২০৩০ সালের শতবর্ষের বিশ্বকাপই হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং সর্বাধিক অংশগ্রহণকারী দলের টুর্নামেন্ট।

  • ২০৩০ বিশ্বকাপ
  • ২০৩০ বিশ্বকাপ আয়োজক দেশ
  • ২০৩০ বিশ্বকাপ সূচি
  • FIFA World Cup 2030
  • Kagojer patrika
  • ফিফা বিশ্বকাপ ২০৩০