গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ২০ পোশাক কারখানায়

নিজস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে পর্যায়ক্রমে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টাও করেন শ্রমিকরা।

এদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাজীপুরের বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বেরিয়ে যান। এরপর মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের ফটকে গিয়ে জড়ো হন। তাঁদের দেখে ওই কারখানার শ্রমিকরাও বেরিয়ে আসেন।

একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা বন্ধের দাবি জানান। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন ট্যাক্স, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।

পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুরের দিকে চলে যান। এ ছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

সড়ক অবরোধের বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরেই এমন পরিস্থিতি চলছে। রাজেন্দ্রপুরের বাংলা বাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বেরিয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রীপুর ও ভোগড়া এলাকায় পাঁচটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • কারখানা
  • গাজীপুর
  • ছুটি
  • পোশাক শ্রমিক