সিঙ্গাপুরে বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশকে থুতু, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামের এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর ২৩ বছর বয়সী এই যুবককে কারাদণ্ড দেওয়া হয়।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার ঘটনায় তাকে এ সাজা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।

২৬ বছর বয়সী ওই বিমানবালা ঘটনায় ভীত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন।

পরে ওই বিমানবালা তাঁর এক সহকর্মীকে বিষয়টি জানান। পুলিশকে খবর দেওয়া হলে ফ্লাইটটি ওই দিন সকালে চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর অক্টোবরে আবারও গ্রেপ্তার হন ইয়ামিন। ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা।

এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান। তাঁর নাক দিয়েও রক্ত ঝরছিল।

পরে প্যারামেডিকরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।

একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এ সময় তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন তিনি।

পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয় ইয়ামিনের বিরুদ্ধে। বিমানে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি এ অভিযোগেও তিনি দোষ স্বীকার করেন।

পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকারের পর গত ২৩ নভেম্বর সিঙ্গাপুরের আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

  • Kagojer patrika
  • খন্দকার মোহাম্মদ ইয়ামিন
  • বাংলাদেশি প্রবাসী
  • বিমানবালাকে হয়রানি
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স
  • সিঙ্গাপুরে বাংলাদেশি
  • সিঙ্গাপুরের আদালত