ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেখানে সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা, নিজের শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার শুটিংয়ের স্মারক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত ওই অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার অভিনেতা জশ হাচারসন।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপের ক্রমানুসারে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থান পেয়েছেন জশ হাচারসন। দ্বিতীয় স্থানে ছিলেন লিয়াম হেমসওর্থ। এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রেখেছেন ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামেকে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত শারীরিক পরিবর্তন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সময় নিজের স্তন ইমপ্লান্ট থাকার কথা জানান তিনি। পাশাপাশি ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন।
এদিকে ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, এমন প্রশ্ন করেন উপস্থাপক অ্যান্ডি কোহেন। জবাবে জেনিফার জানান, সিনেমায় ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক ও তির তিনি শুটিং সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না।
মজা করে অভিনেত্রী বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। তবে ঠিক কোথায় ধনুক ও তির হারিয়ে গেছে, তা তিনি জানেন না।
উল্লেখ্য, ২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম সিনেমা মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার লরেন্স। সিনেমাটির জনপ্রিয়তায় তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।
হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর সাম্প্রতিক সাক্ষাৎকারে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা অভিজ্ঞতা উঠে আসায় নতুন করে আলোচনায় এসেছে ‘দ্য হাঙ্গার গেমস’ এবং তার অভিনয়জীবনের স্মরণীয় মুহূর্তগুলো।