ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে ৩ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে দেশের বাজারে সয়াবিন তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল লিটারপ্রতি ২০৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮৫ টাকা। নতুন দাম কার্যকর হওয়ায় প্রায় সাড়ে চার বছর আগের সেই রেকর্ড ভেঙে গেল।
জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর ২৯ এপ্রিল ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর আরও ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ ৩ টাকা বৃদ্ধির ফলে চলতি বছরে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ১২ টাকা বেড়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করেছেন, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতোই ১৬৬ টাকা রাখা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
আসন্ন রমজান উপলক্ষে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্যবসায়ীরা।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ভোক্তাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেল বোতলের গায়ে লেখা দামে পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আমদানির পরিমাণ প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।
সব মিলিয়ে নতুন করে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।