
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেবো না—খোদার কসম!’
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থীকে আর গণরুম বা গেস্টরুম সংস্কৃতির শিকার হতে দেওয়া হবে না। প্রতিটি শিক্ষার্থীর জীবন ও ক্যারিয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে কঠোর অবস্থান নেওয়া হবে।
পোস্টে ছাত্রদলের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি। হল দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এ ধরনের চেষ্টা ‘দুঃস্বপ্নে’ পরিণত করা হবে।