ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশে ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে দাবি করে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ আগের সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না। কিন্তু একটি গোষ্ঠী আবারও হত্যা, রক্তপাত, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায়।
রিজভীর অভিযোগ, গুম, খুন ও ক্রসফায়ার ছিল শেখ হাসিনার সরকারের শাসনব্যবস্থার বৈশিষ্ট্য। দেশের মানুষ সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কখনোই মেনে নেবে না। তিনি দাবি করেন, গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে এবং নড়াইলে আরও দুজনকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, কারা এসব কর্মকাণ্ডে মদদ দিচ্ছে, তা তারা জানেন। সারা দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, তাদের বিরুদ্ধে রাস্তাঘাটসহ সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়া। কিন্তু সেই স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হয়েছে।
পাঠ্যপুস্তকে দেশের ইতিহাস তুলে ধরার বিষয়েও সমালোচনা করেন রিজভী। তিনি অভিযোগ করেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার অবদানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও নানাভাবে অপমানিত করা হয়েছে। ইতিহাসের পাঠ্যপুস্তকে সত্য ও নিরপেক্ষ তথ্য থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রিজভীর ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে পাঠ্যপুস্তকে আওয়ামী লীগ ও দলটির নেতাদের কর্মকাণ্ডকে ইতিহাস হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে ছাত্র-শিক্ষক, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।