
যুক্তরাষ্ট্র ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একসময় চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা অত্যন্ত সংক্রামক এই ভাইরাস আবারও ছড়িয়ে পড়েছে। মূলত টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে সংক্রমণ ঘটছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোও হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। দেশটিতে ভাইরাসটির পুনরুত্থানের পর বিশেষ করে চিহুয়াহুয়া রাজ্যে ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বলিভিয়াও এই স্বীকৃতি হারিয়েছে।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) এই ঘোষণার বাস্তব প্রভাব খুব বেশি না থাকলেও এটি মূলত প্রতীকী। তবে কয়েক দশকের বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা একটি রোগের ক্ষেত্রে এটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে অতীতের রোগগুলো আধুনিক বিশ্বের জন্য প্রাণঘাতী সমস্যা হয়ে ফিরে আসার আশঙ্কাও বাড়ছে।
পিএএইচওর পরিচালক ডা. জারবাস বারবোসা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাম নির্মূল কোনো ট্রফি নয়, যা একবার জিতে তাকের ওপর রেখে দেওয়া যায়। এটি এমন এক অর্জন, যা প্রতিদিন সুরক্ষিত রাখতে হয়। রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি পূরণ এবং প্রতিটি জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করার মাধ্যমে এটি করতে হবে।’
সংস্থাটির টিকাদানবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ডা. ড্যানিয়েল সালাস সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও মেক্সিকো কীভাবে অন্তত এক বছর সংক্রমণ বন্ধ রেখে আবার হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে পারে, সে বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশগুলোকে পরিকল্পনা জমা দিতে বলা হবে।
২০২৪ সাল থেকে আমেরিকা মহাদেশজুড়ে হাম ছড়িয়ে পড়ছে। টিকাদানের হার কম এমন এলাকাগুলোতে ভাইরাসটির বিস্তার বেশি দেখা যাচ্ছে। গত বছর কানাডা প্রথমবারের মতো হামমুক্ত দেশের স্বীকৃতি হারায়। ১৯৯৮ সালের পর দেশটি এই মর্যাদা ধরে রেখেছিল।
আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, কোনো দেশে হাম নির্মূল হয়েছে বলে বিবেচনা করা হয়, যখন ভাইরাসটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আর নিয়মিতভাবে ছড়ায় না। এ ক্ষেত্রে অন্তত ১২ মাস ধরে সংক্রমণের ধারাবাহিকতা বন্ধ রয়েছে কি না, তা বিবেচনা করা হয়।
মঙ্গলবারের এই ঘোষণা জনস্বাস্থ্য প্রস্তুতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েকটি রোগের বিরুদ্ধে টিকাদানের হার কমছে। চিকিৎসাবিজ্ঞানে পরিচিত সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি হলো হাম। বিশেষজ্ঞদের ধারণা, টিকাদানের হার কমে গেলে টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে হামই প্রথম ফিরে আসতে পারে। কয়েকজন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এর পর অন্য রোগগুলোরও পুনরুত্থান ঘটতে পারে।
যুক্তরাষ্ট্রে গত ৩০ বছর ধরে নিরাপদ টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম প্রতিরোধ এবং ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রাখা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, হাম প্রাদুর্ভাব ঠেকাতে কোনো জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন। কিন্তু বর্তমানে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের টিকা দিচ্ছেন না। পাশাপাশি টিকাদানের গুরুত্ব নিয়ে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। চলতি বছর দেশটির তিনটি ছাড়া বাকি সব অঙ্গরাজ্যে হাম শনাক্তের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে গত দুই বছর এক প্রজন্মের মধ্যে হাম সংক্রমণের সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময়ে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের প্রায় সবাই টিকা নেননি অথবা তাঁদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি। আক্রান্তদের ১০ শতাংশের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে হাম-সংশ্লিষ্ট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটিতে হামজনিত সবচেয়ে প্রাণঘাতী বছর। স্বাস্থ্য কর্মকর্তারা প্রতিটি মৃত্যুর বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন শিশু।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)