বেনজীরের অবৈধ সম্পদ মামলা: দুদকের তদন্ত কর্মকর্তাসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

ডিজিটাল ডেস্ক , শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬






                                        
                                       
বেনজীর আহমেদ। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তদন্ত কর্মকর্তাসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলেও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে তারা সাক্ষ্য দেন।

এদিন অন্য যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন বিভাগের কর্মকর্তা জহিরুল রহমান।

আগামী ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বেনজীর আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত থেকে সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমেদ অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এরপর গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৩ মে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

  • Kagojer patrika
  • অবৈধ সম্পদ
  • আদালত
  • দুদক
  • দুর্নীতি মামলা
  • বাংলাদেশ পুলিশ
  • বেনজীর আহমেদ