মাতারবাড়ী-মহেশখালী বিদ্যুৎ প্রকল্পে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা, বাড়তে পারে জ্বালানি ব্যয়

ডিজিটাল ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) বাস্তবায়নে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদা পূরণে ২০৪০ সাল নাগাদ বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডি পরিকল্পনার আওতায় চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজার মেগাওয়াট পর্যন্ত নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৯ বিলিয়ন ডলার। এ ছাড়া দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে ব্যয় হতে পারে আরও ১ বিলিয়ন ডলার।

প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী, ২০৪০ সালে বাংলাদেশকে বছরে প্রায় ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কম থাকলে এ জন্য বছরে ব্যয় হতে পারে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম পরিস্থিতিতে ব্যয় দাঁড়াতে পারে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর উচ্চমূল্য অব্যাহত থাকলে তা বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিনির্ভরতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে গেলে কিংবা ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনাও এতে উল্লেখ করা হয়েছে।

মিডি পরিকল্পনায় জাপানের সরকারি সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বিষয়টিও প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ক্ষতির আশঙ্কাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও কয়লাভিত্তিক প্রকল্পগুলোর পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে মার্কেট ফোর্সেস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট।

প্রতিবেদনে শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব হতে পারে।

  • Kagojer patrika
  • এলএনজি আমদানি
  • জ্বালানি নিরাপত্তা
  • জ্বালানি সংকট
  • বাংলাদেশ অর্থনীতি
  • বিদ্যুৎ খাত
  • মহেশখালী মাতারবাড়ী প্রকল্প