
কোনো কারণে মাগরিবের নামাজ নির্ধারিত সময়ে আদায় করা সম্ভব হয়নি। পরে এশার ওয়াক্তে মসজিদে গিয়ে দেখা গেল, জামাত শুরু হয়ে গেছে। এ সময় মনে পড়ল, মাগরিবের নামাজ এখনো কাজা রয়েছে। তাহলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও কি আগে মাগরিবের কাজা নামাজ আদায় করতে হবে, নাকি সরাসরি ইমামের সঙ্গে এশার জামাতে অংশ নেওয়া যাবে? এ ক্ষেত্রে এশার নামাজ কি আবার আদায় করতে হবে?
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির অতীতে অন্য কোনো নামাজ কাজা না থাকলে এবং মাগরিবের নামাজ কাজা হওয়ার বিষয়টি স্মরণ থাকলে, এশার নামাজের আগে মাগরিবের কাজা নামাজ আদায় করা জরুরি। অর্থাৎ, এশার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও প্রথমে মাগরিবের কাজা নামাজ আদায় করতে হবে। এরপর এশার নামাজ পড়তে হবে।
তবে কাজা নামাজ আদায় করতে গেলে পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে আগে ওই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে হবে।
এ বিষয়ে হাদিসেও নির্দেশনা পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি একটি ওয়াক্তের নামাজ পড়তে ভুলে যাওয়ার পর পরবর্তী ওয়াক্তের নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে আগের নামাজের কথা স্মরণ করলে সে প্রথমে ইমামের সঙ্গে নামাজ আদায় করবে। এরপর ভুলে যাওয়া নামাজটি কাজা করবে। সবশেষে ইমামের সঙ্গে যে নামাজ আদায় করেছে, সেটি আবার পড়ে নেবে।
ইমাম তহাবি (রহ.) এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ইমামের সঙ্গে প্রথমবার আদায় করা নামাজটি ওই ব্যক্তির জন্য নফল হিসেবে গণ্য হবে।
(তহাবি, হাদিস : ২৬৮৪)
উল্লিখিত হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কেউ যদি আগের কাজা নামাজের কথা স্মরণ থাকা অবস্থায় ইমামের সঙ্গে পরবর্তী ওয়াক্তের নামাজ আদায় করেন, তাহলে প্রথমবার আদায় করা নামাজটি নফল হিসেবে গণ্য হবে। এরপর আগের কাজা নামাজ আদায় করে পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজ আবার আদায় করতে হবে।
তাই নামাজের ক্ষেত্রে কাজা ও ওয়াক্তের ধারাবাহিকতা সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।