ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি বাসায় অভিযান চালিয়ে রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), ইকতিয়ার ফরহাদ (২০), মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও জাবেদ হোসেন (২৫)।

পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে গত ২২ নভেম্বর অভিযান শুরু করে পুলিশ।

২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে শটগানের কার্তুজ, খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান পাহাড়ের গভীরে পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার সময় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় রায়হান ও তাঁর সহযোগীরা গুলি চালালে ছয়জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।

২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর ঘর থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হান তাঁর কাছে রেখেছিলেন।

পরে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিলেন। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্দন দেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি।

যা যা উদ্ধার করেছে পুলিশ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা হয়েছে—

  • ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল
  • দুটি ম্যাগাজিন
  • পিস্তলের ২২ রাউন্ড গুলি
  • একটি একনলা বন্দুক
  • শটগানের ১২ রাউন্ড কার্তুজ
  • দুটি খালি খোসা
  • অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম
  • একটি মোটরসাইকেল

পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: চট্টগ্রাম জেলা পুলিশ

  • Kagojer patrika
  • অবৈধ অস্ত্র
  • চট্টগ্রাম জেলা পুলিশ
  • চট্টগ্রামের অপরাধ
  • ফটিকছড়ির খবর
  • ভূজপুরে অস্ত্র উদ্ধার
  • শীর্ষ সন্ত্রাসী রায়হান