প্রাণিসম্পদ খাত থেকে রপ্তানি বাড়াতে চায় সরকার, নতুন সম্ভাবনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ডিজিটাল ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে ধীরে ধীরে রপ্তানিমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সরকার গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ এবং মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে।

২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হচ্ছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের স্বনির্ভরতা আরও বাড়বে।

প্রধানমন্ত্রীর মতে, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনার নতুন দিক তুলে ধরছে।

  • Kagojer patrika
  • জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬
  • পশুসম্পদ রপ্তানি
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রাণিসম্পদ খাত
  • প্রাণিসম্পদ মেলা
  • বাংলাদেশের অর্থনীতি