পিএসএল ২০২৬: জ্বালানি সংকটে দর্শকহীন ম্যাচ, শুধুমাত্র ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি

নিজেস্ব প্রতিবেদক , শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬






                                        
                                       

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব এবার পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর ওপর। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলতি আসরের অধিকাংশ ম্যাচ দর্শকবিহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এমন সিদ্ধান্তে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিল পিএসএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কারণ দর্শকবিহীন ম্যাচ আয়োজনের ফলে আয় এবং দর্শক সম্পৃক্ততা—দুটিই ব্যাপকভাবে কমে যায়।

তবে অবশেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে কিছুটা নমনীয় হয়েছে পিসিবি। সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টের শুধুমাত্র ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করা হয়েছিল। যদিও সরকার জ্বালানি সাশ্রয়ের বর্তমান পদক্ষেপ বজায় রাখতে চায়, তবুও ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ। সেদিনই কেবল দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ শুরু হওয়া এবারের পিএসএলে মোট ৮টি দল অংশগ্রহণ করে এবং ৪৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। তবে জ্বালানি সংকটের কারণে টুর্নামেন্ট সীমিত করে লাহোর ও করাচিতে নিয়ে আসা হয়।

এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিতির অনুমতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer