পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় প্রবেশ, বসবাস ও অবস্থানের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলটির পূর্বনির্ধারিত সমাবেশের আগে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ডন-এর প্রতিবেদন অনুযায়ী, সারগোধার ডেপুটি কমিশনার ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ আদেশ জারি করেন। ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (সংশোধনী) অধ্যাদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশটি আগামী ৩০ দিন বহাল থাকবে।
মাওলানা ফজলুর রহমান ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান, অধ্যাপক গাজানফর আজিজ, মাওলানা সাফি উল্লাহ, মাওলানা মুহাম্মদ নূর খান হানস, মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং মাওলানা জামাল আবদুল নাসির।
জেলা পুলিশের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তালিকাভুক্ত নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের বক্তব্য জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নেতার উপস্থিতিতে বেআইনিভাবে জনসমাগম ঘটতে পারে এবং রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত উসকে দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এদিকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি খুশাব জেলায় পাবলিক অর্ডার অধ্যাদেশের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে।
এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান বলেন, সড়কে বিধিনিষেধ ও অবরোধ থাকা সত্ত্বেও তিনি সারগোধার উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা সুরক্ষার দাবি জানান।
জেইউআই-এফের পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজ অভিযোগ করেন, সরকার দলটির বিরুদ্ধে দমনমূলক কৌশল অব্যাহত রেখেছে। তার দাবি, পাঞ্জাবজুড়ে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী সড়কে আটকা পড়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় গ্রেপ্তার ও মামলা দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ নিষেধাজ্ঞার ঘটনা ঘটল। এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে অকার্যকর করে দেওয়ার সমালোচনা করেছিলেন মাওলানা ফজলুর রহমান।
পিএমএল-এন ও পিটিআইয়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করেও কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রদেশগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন জেইউআই-এফ প্রধান। এ নিয়ে তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পালটাপালটি বক্তব্য আসে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ফজলুর রহমান অভিযোগ করেন, তার চলাচল সীমিত করতে তাকে কয়েক ঘণ্টা রাষ্ট্রীয়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বহুদলীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার বাসভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় তিনি বের হতে পারেননি।
পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও জেইউআই-এফের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সারগোধায় এ নিষেধাজ্ঞা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।