ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যোগব্যায়াম, শরীরচর্চা ও দীর্ঘ কর্মঘণ্টার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা হয়। ৭৬ বছর বয়সী এই নেতার ফিটনেসের রহস্য কী, তা নিয়েও মানুষের আগ্রহ রয়েছে। তবে তাঁর খাবারের তালিকা শুনলে অনেকেই অবাক হতে পারেন। নেই কোনো জটিল ডায়েট চার্ট কিংবা দামি ও বাহারি খাবারের আয়োজন। বরং পরিচিত ভারতীয় খাবার, ঘরোয়া রান্না, স্থানীয় উপকরণ এবং নিয়মিত উপবাস তাঁর খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ।
সপ্তাহে এক-দুদিন খান সজনে পাতার পরোটা
নরেন্দ্র মোদির খাদ্যতালিকার অন্যতম পরিচিত খাবার সজনে পাতার পরোটা। ২০২০ সালে ফিট ইন্ডিয়া ডায়ালগে পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের সঙ্গে আলোচনায় নিজের এই খাবারের কথা জানিয়েছিলেন তিনি।
মোদি জানান, সজনে পাতা বা মরিঙ্গা দিয়ে পরোটা তৈরি করে সপ্তাহে এক থেকে দুদিন খান তিনি। পরিচিত খাবারের সঙ্গে পুষ্টিকর শাক যুক্ত করার এটি একটি সহজ উপায়।
সজনে পাতায় খাদ্য আঁশ, বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। ফলে পরিচিত খাবারের মাধ্যমেই পুষ্টিকর উপাদান গ্রহণের সুযোগ তৈরি হয়।
একই আলোচনায় মায়ের একটি অভ্যাসের কথাও স্মরণ করেন মোদি। তাঁর মা নিয়মিত খোঁজ নিতেন, তিনি হলুদ খাচ্ছেন কি না। এ ঘটনা থেকে ভারতীয় ঐতিহ্যবাহী উপাদানের প্রতি তাঁর আগ্রহের বিষয়টিও উঠে আসে।
ডাল-ভাত, রুটি-সবজিতেই স্বাচ্ছন্দ্য
মোদির প্রতিদিনের খাবারের ধরন মূলত ভারতীয় ঘরোয়া রান্নার ওপর নির্ভরশীল। ২০২০ সালের ফিট ইন্ডিয়া আলোচনায় রুটি, সবজি, ডাল, ভাত, পোহা ও উপমাসহ বিভিন্ন আঞ্চলিক খাবারের কথা উঠে আসে।
তাঁর খাদ্যাভ্যাসের মূল দর্শন হলো বাড়িতে তৈরি টাটকা খাবার খাওয়া এবং প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া। ডাল-ভাত কিংবা ঘির মতো পরিচিত খাবারও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।
অর্থাৎ, খাবারের ক্ষেত্রে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে ঘরের পরিচিত রান্না, স্থানীয় উপকরণ ও ঐতিহ্যবাহী খাবারেই আস্থা রাখেন তিনি।
চার মাসের উপবাসে ২৪ ঘণ্টায় একবার খাবার
মোদির খাদ্যাভ্যাসের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো তাঁর উপবাসের নিয়ম। ২০২৫ সালে মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক আলাপচারিতায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন তিনি।
মোদি জানান, ভারতীয় ঐতিহ্য অনুযায়ী তিনি চাতুর্মাস পালন করেন। এটি প্রায় চার মাসের একটি ধর্মীয় সময়কাল, যা জুনের মাঝামাঝি শুরু হয়ে দীপাবলির পর পর্যন্ত চলে।
এই সময়ে তাঁর নিয়ম হলো, প্রতি ২৪ ঘণ্টায় মাত্র একবার খাবার গ্রহণ করা। দীর্ঘ এই সময়জুড়ে দিনে একবারের বেশি খাবার খান না বলে জানান তিনি।
নবরাত্রিতে টানা ৯ দিন শুধু গরম পানি
নবরাত্রির উপবাসের নিয়ম আরও কঠোর বলে জানিয়েছেন মোদি। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে পালিত এই ধর্মীয় উৎসবের সময় টানা নয় দিন কোনো খাবার গ্রহণ করেন না তিনি। এ সময় শুধু গরম পানি পান করেন।
নিজের এই অভ্যাস সম্পর্কে মোদি জানান, গরম পানি পান করা তাঁর দীর্ঘদিনের দৈনন্দিন অভ্যাস। জীবনের শুরুর দিক থেকেই তিনি নিয়মিত গরম পানি পান করেন। সময়ের সঙ্গে এটি তাঁর জীবনযাপনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে।
নবরাত্রির নয় দিনের উপবাসেও গরম পানিই থাকে তাঁর একমাত্র পানীয় বলে জানান তিনি।
চৈত্র নবরাত্রিতে দিনে একবার একটি ফল
চৈত্র নবরাত্রির সময় মোদি ভিন্ন নিয়মে উপবাস পালন করেন। সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় টানা নয় দিন প্রতিদিন মাত্র একবার একটি নির্দিষ্ট ধরনের ফল খান তিনি। উপবাসের পুরো সময়জুড়ে ফলের ধরন পরিবর্তন করেন না।
উদাহরণ হিসেবে পেঁপের কথা উল্লেখ করেছেন মোদি। তিনি জানান, পেঁপে দিয়ে উপবাস শুরু করলে পুরো নয় দিন শুধু পেঁপেই খাবেন। অন্য কোনো খাবার বা ফল গ্রহণ করবেন না।
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় মোদি আরও জানান, প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে তিনি এসব উপবাসের নিয়ম অনুসরণ করে আসছেন।
দেশীয় খাবারেই ভরসা
মোদির খাদ্যাভ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশীয় খাবার ও আঞ্চলিক রান্নার প্রতি গুরুত্ব দেওয়া। ২০২০ সালের ফিট ইন্ডিয়া আলোচনায় তিনি ঘরোয়া রান্না, স্থানীয়ভাবে উৎপাদিত খাবার এবং ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের বিষয়টি তুলে ধরেছিলেন।
তাঁর খাদ্যদর্শন অনুযায়ী, সুস্থ থাকতে পরিচিত ভারতীয় খাবার বাদ দিয়ে আধুনিক বা ফ্যাশনেবল ডায়েট অনুসরণ করার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবারে টাটকা ও স্থানীয় উপকরণকে গুরুত্ব দেওয়া উচিত।
সব মিলিয়ে তাঁর খাবারের তালিকায় রয়েছে ডাল, ভাত, রুটি, সবজি, পোহা, উপমা, বিভিন্ন আঞ্চলিক পদ ও সজনে পাতার পরোটা। পাশাপাশি হলুদের মতো ঐতিহ্যবাহী উপাদানও রয়েছে।
তথ্যসূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।