
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও পাকা ধান কেটে নিয়ে যাওয়ার গুরুতর হুমকি দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিলাশৈল (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ মোস্তাকিম সরকার দাবি করেন, তার পিতা মৃত আবু তাহের সরকার বৈধ দলিলমূলে দীর্ঘ বছর আগে প্রায় ১ একর ২৬ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে তারা শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছিলেন।
কিন্তু ২০২১ সাল থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করে আসছে। এ নিয়ে একাধিক মামলা হলেও প্রতিটি মামলায় আদালত অভিযোগকারীর পক্ষেই রায় প্রদান করেছেন বলে জানা গেছে।
এদিকে, অভিযোগ রয়েছে—গত ইরি মৌসুমে জমির ধান পাকলে প্রতিপক্ষ নতুন করে সংঘবদ্ধ হয়ে ওঠে। ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে বিবাদীগণ ও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জন ব্যক্তি লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে জমিতে অনধিকার প্রবেশ করে।
তারা জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে অভিযোগকারীকে মারধরের হুমকি দেওয়া হয়। প্রাণনাশের আশঙ্কা ও মানসম্মানের ভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
অভিযোগকারী দাবি করেন, প্রায় ৯০ মন ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার টাকা।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় পূর্বে দায়ের করা এফআইআর নং-২১ (তারিখ: ২৭ এপ্রিল ২০২৫, ধারা ১৪৩/৪৪৭/৩৮০/৩০৮ পেনাল কোড) মামলার প্রেক্ষিতে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একই ঘটনায় অভিযোগ পত্র নং ৮৫(ক), তারিখ ১১ আগস্ট ২০২৫, ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০০ পেনাল কোডেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, খসড়া মানচিত্র প্রস্তুত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।