তাইওয়ানে স্থানীয় নির্বাচন: ২২ শহরে ভোট, রাজধানী তাইপেতে হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (২৮ নভেম্বর) মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির ভোটাররা। এবারের নির্বাচনে প্রায় ১১ হাজার পদে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। নয় ধরনের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের কারণে এ ভোটকে বলা হচ্ছে ‘নাইন-ইন-ওয়ান’ নির্বাচন।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। স্কুল, মন্দির ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর রাজধানী তাইপের মেয়র পদের দিকে। শহরটি দীর্ঘদিন ধরে বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে বর্তমান মেয়র ও কেএমটির প্রার্থী চিয়াং ওয়ান-আনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন।

গত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন চিয়াং। তাকে ভবিষ্যতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হয়। তবে এবার তার প্রতিদ্বন্দ্বী পুমা শেন নির্বাচনী প্রচারণায় উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন।

একাডেমিক থেকে রাজনীতিতে আসা পুমা শেন চীনের তথ্যযুদ্ধ ও অপপ্রচারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। চীন তার কঠোর সমালোচনা করেছে। এমনকি চীনা পুলিশ তাকে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে খুঁজছে বলেও দাবি করেছে।

নির্বাচনের শেষ মুহূর্তে যানজটের আশঙ্কায় বড় সমাবেশ বাতিল করেন পুমা শেন। এর পরিবর্তে অনলাইনে প্রচার অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি দর্শক যুক্ত হন। অন্যদিকে, বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন সমর্থকদের বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এদিকে, ক্ষমতাসীন ডিপিপির প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে। নিউ তাইপে সিটিতে এক সমাবেশে তিনি দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

তাইপের পাশাপাশি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনবহুল নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউংয়ের মেয়র নির্বাচন। নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির হলেও কাওশিউংয়ের মেয়র পদটি ডিপিপির দখলে রয়েছে।

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকারের বিভিন্ন পদে কোন দল কতটা সাফল্য পায়, তা তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে। পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলগুলোর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি মূল্যায়নের ক্ষেত্রেও এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স।

  • Kagojer patrika
  • আন্তর্জাতিক সংবাদ
  • কুওমিনতাং
  • ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি
  • তাইওয়ান নির্বাচন ২০২৬
  • তাইওয়ানের রাজনীতি
  • তাইপে মেয়র নির্বাচন