ছবি: সংগৃহীত

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবারের পর মাত্র কয়েক মিনিট হাঁটার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনে। তাঁর মতে, খাবারের পর ১০০ কদম বা ২ থেকে ৫ মিনিট হালকা হাঁটাহাঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। আয়ুর্বেদের প্রাচীন এই অভ্যাসের নাম ‘শতপাবলি’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভ্যাসের সম্ভাব্য উপকারিতা তুলে ধরেন হৃদ্যন্ত্র ও বক্ষদেশের অস্ত্রোপচার বিশেষজ্ঞ শ্রীরাম নেনে। তাঁর মতে, রক্তে শর্করার মাত্রা পরিমাপের আধুনিক যন্ত্র কিংবা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন অ্যাপ চালু হওয়ার অনেক আগে থেকেই ভারতীয় পরিবারগুলোতে দুপুর ও রাতের খাবারের পর কিছুক্ষণ হাঁটার প্রচলন ছিল। পূর্বপুরুষদের এই সহজ অভ্যাস স্বাস্থ্যকর জীবনযাপনে ভূমিকা রাখতে পারে।
এর আগে এক আলোচনা অনুষ্ঠানেও ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ার কারণ নিয়ে কথা বলেন শ্রীরাম নেনে। তিনি বলেন, মানুষের শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং শর্করাজাতীয় ও অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ছে। এ সমস্যা নিয়ন্ত্রণে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন।
শ্রীরাম নেনের মতে, খাবার খাওয়ার পরপরই শুয়ে না পড়ে শরীরকে কিছুটা সচল রাখা জরুরি। এ জন্য দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। মাত্র ২ থেকে ৫ মিনিট ধীরে হাঁটাহাঁটির মাধ্যমেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।
‘শতপাবলি’ বা ১০০ কদম হাঁটার মধ্যে কোনো জাদুকরী বিষয় নেই। এর মূল উদ্দেশ্য হলো, খাবারের পর শরীরকে সচল রাখা এবং নিয়মিত হাঁটার অভ্যাস তৈরি করা। খাবারের পর হালকা হাঁটাহাঁটি হজমে সহায়তা করতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ব্যস্ত জীবনযাপনে অনেকের পক্ষেই আলাদা করে শরীরচর্চার সময় বের করা কঠিন। সে ক্ষেত্রে খাবারের পর কয়েক মিনিট হাঁটার অভ্যাস সহজেই দৈনন্দিন রুটিনে যুক্ত করা যায়।
তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু হাঁটার ওপর নির্ভর করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী শারীরিক পরিশ্রম করাও জরুরি।