উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

ডিজিটাল ডেস্ক , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬






                                        
                                       
কেএম তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নিহত কেএম তাহসিফ সাউরি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট। তাঁর বাবার নাম কেএম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, তাহসিফের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

  • Kagojer patrika
  • উত্তরখান
  • কেএম তাহসিফ সাউরি
  • তুরাগ নদ
  • নৌ পুলিশ
  • মরদেহ উদ্ধার
  • রাজধানীর খবর