গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা, প্রতিদিন লোকসান ৩.৫ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক , মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬






                                        
                                       
গ্যাস সংকটে বন্ধ হয়ে আছে জামালপুরের যমুনা সার কারখানা। প্রতিদিন প্রায় সাড়ে ৩ কোটি টাকা লোকসান হচ্ছে। দীর্ঘ বন্ধে সার সংকট ও শ্রমিকদের দুর্ভোগ বাড়ছে।

গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে পড়ে আছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত বৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। এতে প্রতিদিন প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। একইসঙ্গে চলতি মৌসুমে সার সংকটের সম্ভাবনায় উদ্বিগ্ন কৃষকরাও।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (BCIC)-এর নিয়ন্ত্রণাধীন। উৎপাদন সচল রাখতে দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন হয়।

প্রতিষ্ঠার পর এটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করলেও গ্যাস সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন কমে ১ হাজার ২০০ টনে নেমে আসে।

এই কারখানার সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ২০টিরও বেশি জেলায় প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে সরবরাহ করা হয়।

২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রথমবার উৎপাদন বন্ধ হয়। দীর্ঘ ১৩ মাস পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ পেয়ে পুনরায় উৎপাদন শুরু হলেও ২৬ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটি ও আবারও গ্যাস সংকটে বন্ধ হয়ে যায়।

সবশেষ চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে কারখানাটি পুনরায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন কাজ না থাকায় তারা পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ট্রাকসহ অন্যান্য সরঞ্জামও অকেজো হয়ে পড়ছে।

একাধিক শ্রমিক বলেন, কারখানা নিয়মিত বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন এবং দ্রুত উৎপাদন চালুর দাবি জানিয়েছেন।

কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক বলেন, “গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সংযোগ পেলেই আমরা দ্রুত উৎপাদনে ফিরতে পারব। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তা অনিশ্চিত।”

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, দেশের সার সরবরাহ ব্যবস্থাতেও বড় সংকট তৈরি হতে পারে।

  • BSCIC সার কারখানা
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • ইউরিয়া সার উৎপাদন বন্ধ
  • কৃষক সার সংকট
  • গ্যাস সংকট বাংলাদেশ
  • জামালপুর শিল্পাঞ্চল
  • বাংলাদেশ গ্যাস সমস্যা
  • বাংলাদেশ সার কারখানা
  • যমুনা সার কারখানা