ছবি: সংগৃহীত

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঘের ব্যবসায়ী আবদুল হালিম হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বুধবার পর্যন্ত কোনো মামলাও হয়নি। ঘের দখল-সংক্রান্ত বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে নগরীতে চাঁদাবাজি ও গুলির ঘটনা অব্যাহত রয়েছে। বুধবার চাঁদার দাবিতে দক্ষিণ টুটপাড়ায় এক ব্যক্তির বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে মজিদ সরণির পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনায় পৃথক দুটি মামলা করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও গুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদা না দেওয়ায় খুলনা নগরীর মজিদ সরণির পালংকি রেস্টুরেন্টে গুলি চালিয়ে কাচের গ্লাস ভাঙচুরের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব আল হাসান ও আশিক হাওলাদার নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবীর জানান, বুধবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাকিব আল হাসান নগরীর নবপল্লি ঢালাই কারখানা গলির মৃত ইস্রাইল হোসেনের ভাড়াটিয়া। আশিক হাওলাদার নবপল্লি সত্তার বিশ্বাস সড়কের মো. গফফারের ভাড়াটিয়া।
নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও গুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন হাবি ছত্তার ও নাঈমুর রহমান নয়ন। তাঁদের বাড়িও নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকায়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিজানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি শুটারগান, চারটি শটগানের কার্তুজ, ৮০০ গ্রাম গাঁজা, একটি ওয়াকিটকি ও এর চার্জার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, গত ২২ অক্টোবর নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় তৌহিদুল ইসলাম তুষার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি সিজান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিজানের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। হাবি ছত্তার ও নয়নের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, বুধবার দুপুরে আবদুল হালিমের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।
ওসি জানান, আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আবদুল হালিম নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গাজী কামরুল ইসলামের ঘের ও ব্যবসা দেখাশোনা করতেন।
ঘের দখল-সংক্রান্ত বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে চাঁদার দাবিতে মিলটন হালদার নামে এক ব্যক্তির বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরীর দক্ষিণ টুটপাড়ার খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, কিছুদিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বুধবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে আসা মুখোশধারী তিন ব্যক্তি তাঁর বাড়ির গেট লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গত মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর পৃথক সাতটি এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
খুলনায় ধারাবাহিক এসব গুলির ঘটনা ও চাঁদাবাজির অভিযোগে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।