ছবি: সংগৃহীত

বিশ্বের কোথাও তাপপ্রবাহে পুড়ছে জনপদ, কোথাও বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি। ঘূর্ণিঝড়, খরা, দাবানল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত হচ্ছে কোটি মানুষের জীবন। জলবায়ু পরিবর্তনের এমন বাস্তবতায় বিশ্বনেতাদের কাছ থেকে কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা ছিল তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। কিন্তু দুই সপ্তাহের আলোচনা, কূটনৈতিক দরকষাকষি এবং নির্ধারিত সময়ের দুই দিনের বেশি অতিরিক্ত আলোচনা চলার পরও বড় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশগুলো।
এই অগ্রগতির অভাব শুধু আন্তর্জাতিক কূটনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এর পরিণতি আরও গভীর হতে পারে। অভিযোজনের জন্য অর্থের সংকট, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার ঘাটতি এবং জ্বালানি রূপান্তরের অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশের দায় তুলনামূলকভাবে কম, শেষ পর্যন্ত ক্ষতির বড় বোঝা তাদেরই বহন করতে হতে পারে।
জলবায়ু সম্মেলনগুলোতে উন্নয়নশীল দেশগুলোর অন্যতম প্রধান দাবি থাকে অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ দেওয়ার দাবি দীর্ঘদিনের। এসব অর্থ ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়ারও দাবি জানিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো।
কপ৩১ সম্মেলনেও এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থের পরিমাণ, অর্থ ছাড়ের সময়সীমা এবং অর্থায়নের উৎস নিয়ে সুস্পষ্ট সমঝোতা হয়নি। ফলে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়বে, তা মোকাবিলার ব্যয়ও তত বাড়বে। অভিযোজনের জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ প্রয়োজন, ভবিষ্যতে তা আরও অনেক বেশি হতে পারে। সময়মতো বিনিয়োগ না হলে অনেক ক্ষতি আর্থিক ব্যয় করেও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার জলবায়ু অর্থায়নের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, অভিযোজন অর্থায়ন বাড়ানোর বিষয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে অভিযোজনের ব্যয় বাড়বে এবং অনেক ক্ষেত্রে অভিযোজনের কার্যকারিতাও কমে যাবে।
আফ্রিকাভিত্তিক জলবায়ু ও জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদোও বলেছেন, ধনী দেশ ও দূষণকারী সরকারগুলোকে আর খালি হাতে আসা চলবে না। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। দুর্যোগ মোকাবিলায় দেশের প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। উপকূলীয় বাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, আগাম সতর্কবার্তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে বিপুল অর্থ প্রয়োজন।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রত্যাশিত মাত্রায় না বাড়লে এসব উদ্যোগ বাস্তবায়নে চাপ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের সব ক্ষতি মোকাবিলা করা কঠিন।
উন্নত দেশগুলোর কাছ থেকে অনুদান ও প্রযুক্তিগত সহযোগিতা না পেলে জলবায়ু অভিযোজনের ব্যয় জাতীয় বাজেটের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ নিয়েও প্রতিযোগিতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনর্গঠনও কঠিন হয়ে উঠতে পারে। উপকূলীয় এলাকার অনেক মানুষ এরই মধ্যে জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন। কৃষিজমিতে লবণাক্ততা, সুপেয় পানির সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তি এই প্রবণতা আরও বাড়াতে পারে।
বাংলাদেশের জন্য কপ৩১-এর ফলাফল গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো গ্যাস, কয়লা ও তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। জ্বালানি আমদানির ব্যয়, ডলার সংকট এবং বিদ্যুৎ উৎপাদনের খরচ অর্থনীতিতে চাপ তৈরি করছে।
এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে বৈশ্বিক পর্যায়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকলে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার পথ আরও কঠিন হতে পারে। একই সঙ্গে জ্বালানি রূপান্তরের ব্যয় কে বহন করবে, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত গৃহীত সিদ্ধান্তগুলো জলবায়ু ন্যায়বিচার, বিশেষ করে বাংলাদেশসহ বিশ্বের দক্ষিণাঞ্চলের মানুষের স্বার্থের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
তাঁর অভিযোগ, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার পরিবর্তে ধনী দেশগুলো আবারও তাদের ঐতিহাসিক দায় এড়িয়ে গেছে। পূর্ববর্তী সম্মেলনগুলোর সামান্য অর্জনও দুর্বল করা হয়েছে। পাশাপাশি মিথ্যা সমাধানের আড়ালে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিজ্ঞান ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা বজায় রাখার পক্ষে অবস্থান নিলেও ধনী দেশগুলোর নিষ্ক্রিয়তা বিশ্বকে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের মতো স্বল্প দায়ী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষকে।
শরীফ জামিলের মতে, জলবায়ু সংকটের দায় বৈশ্বিক হলেও এর বোঝা দক্ষিণের দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। কপ৩১-এর পর জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে।কপ৩১ জলবায়ু সম্মেলন
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩২ অনুষ্ঠিত হওয়ার কথা। কপ৩১-এ অমীমাংসিত জীবাশ্ম জ্বালানি, অর্থায়ন ও অভিযোজনের প্রশ্নগুলো সেখানে আবার আলোচনায় আসবে।
তবে এর মধ্যে জলবায়ু সংকট থেমে থাকবে না। তাপমাত্রা বাড়বে, দুর্যোগের ঝুঁকি বাড়বে এবং ক্ষয়ক্ষতির ব্যয়ও বৃদ্ধি পাবে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে বাংলাদেশসহ সেই দেশগুলোকে, যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী।