ছবি: সংগৃহীত

দেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনের উদ্যোগ এগিয়ে নিতে ওয়ালটনের প্রকল্প মনিটরিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া। ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলমের স্বপ্নের এই প্রকল্পের কার্যক্রম তদারক করবেন তিনি।
ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওয়ালটনের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
ওয়ালটন জানিয়েছে, ব্যবসার নতুন খাতে সম্প্রসারণের অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই রিফা তাছনিয়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলমের স্বপ্ন ছিল দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করা। তবে ২০২১ সালে তার মৃত্যু হয়। তার নেওয়া সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন পালন করবেন রিফা তাছনিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিফা তাছনিয়া ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি পোশাকের ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফা’র প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁ কাভারের অন্যতম প্রতিষ্ঠাতা।
ওয়ালটন কর্তৃপক্ষ আশা করছে, রিফা তাছনিয়ার তদারকি ও দিকনির্দেশনায় বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে এগিয়ে যাবে। এর মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের উদ্যোগ নতুন গতি পাবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।