ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ভাটিবাংলার কিংবদন্তি লোকসাধকদের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’। হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী ও শাহ আবদুল করিমের গানে মুখর হয়ে ওঠে উৎসবের মঞ্চ। এ সময় লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার সন্ধ্যায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। এ সময় তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি। এই অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে ভক্তি-শ্রদ্ধা জানাই।’
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়। সংগীত ছাড়া, সুর ছাড়া সভ্যতা থাকবে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতাও থাকবে না।’
নিজের ভাটি অঞ্চলের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ভাটি অঞ্চলের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনছেন। শুরুর দিকে উকিল মুন্সী, হাছন রাজা ও রাধারমণের গান শুনতেন।
সংগীতজ্ঞ শেখ সাদী খান বলেন, দিনে দিনে সংস্কৃতিচর্চার অবক্ষয় সমাজকে পিছিয়ে দিচ্ছে। সংস্কৃতিচর্চার মাধ্যমেই সমাজ এগিয়ে যায়। সুর দিয়ে অসুরকে দমন করা যায়। যাদের মনুষ্যত্ব ও বিবেক রয়েছে, তারা সুর ভালোবাসেন। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সুরের সাধনা করছে বলেও তিনি প্রশংসা করেন।
উৎসবের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় ভাটিবাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরা হয়। একই সঙ্গে দীর্ঘদিনের দাবি অনুযায়ী দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের আহ্বান জানান আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভাটিবাংলার লোকসংগীত সাধকদের কালজয়ী গান। সৈয়দ শাহনূর, রাধারমণ, হাছন রাজা, জালাল খাঁ, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহর গান পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের সুর ও কথায় মিলনায়তনে তৈরি হয় ভাটিবাংলার লোকসংগীতের আবহ।
উৎসবে অংশ নিতে সুনামগঞ্জ থেকে আসেন রনেশ ঠাকুর, বাউল সিরাজউদ্দিনসহ নয়জন শিল্পী। নেত্রকোনা থেকে অংশ নেন পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাগর দেওয়ানসহ তিনজন শিল্পী।