এমবাপ্পে-বেলিংহামদের হাতে বিলাসবহুল BMW, কারা পেলেন কোন গাড়ি?

অনলাইন ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
নতুন গাড়ি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের জন্য নতুন মৌসুমে আবারও বিলাসবহুল গাড়ির উপহার নিয়ে হাজির হয়েছে জার্মান অটোমোবাইল ব্র্যান্ড বিএমডব্লিউ। ক্লাবটির অফিশিয়াল পার্টনার হিসেবে এবারের আয়োজনেও খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন মডেলের অত্যাধুনিক গাড়ি। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো হস্তান্তর করা হয়।

বিএমডব্লিউ ও রিয়াল মাদ্রিদের অংশীদারত্বের পঞ্চম আয়োজন এটি। এবারের তালিকায় রয়েছে পেট্রোলচালিত, প্লাগ-ইন হাইব্রিড ও সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বিএমডব্লিউ এক্সএম লেবেল এবং সম্পূর্ণ বৈদ্যুতিক আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ।

এবারের সবচেয়ে আকর্ষণীয় মডেলগুলোর একটি বিএমডব্লিউ এক্সএম লেবেল। ভি৮ ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি গাড়িটির সম্মিলিত ক্ষমতা ৭৪৮ হর্সপাওয়ার। পাঁচ আসনের এই বিলাসবহুল গাড়ির দাম শুরু প্রায় ১ লাখ ৯২ হাজার ১৯০ ইউরো থেকে।

রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বেছে নিয়েছেন বিএমডব্লিউ এক্সএম লেবেল। একই মডেল পেয়েছেন রদ্রিগো, ডিন হুইসেন, ব্রাহিম দিয়াজ, অরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলার ও আন্তোনিও রুডিগার।

অন্যদিকে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পছন্দ বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ। বিএমডব্লিউর নতুন নিউ ক্লাসে সিরিজের প্রথম মডেল এটি। সম্পূর্ণ বৈদ্যুতিক এই গাড়ির দাম ৬৯ হাজার ৯০০ থেকে ৭৭ হাজার ৩০২ ইউরোর মধ্যে। একই মডেল পেয়েছেন থিয়াগো পিতার্চ ও ইয়ান ডিওমান্দে।

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ সেডান। ৫৪৪ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটি একবার চার্জে ৬২০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে। গাড়িটির আনুমানিক দাম ১ লাখ ৪১ হাজার ৭৫০ ইউরো। কার্লোস এস্পি ও এন্দ্রিকও পেয়েছেন একই মডেল।

উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে পেয়েছেন বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০। ৩১৩ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটির সর্বোচ্চ রেঞ্জ ৪৭৯ কিলোমিটার। এর দাম প্রায় ৫৮ হাজার ৭০০ ইউরো। অন্যদিকে, এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে উঠেছে বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০। গাড়িটির ক্ষমতা ৫৪৪ হর্সপাওয়ার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার।

এ ছাড়া এদের মিলিতাও ও আন্দ্রি লুনিন পেয়েছেন বিএমডব্লিউ এম৫ সেডান। ভি৮ ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি প্লাগ-ইন হাইব্রিড গাড়িটির সম্মিলিত ক্ষমতা ৭২৭ হর্সপাওয়ার। মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম গাড়িটি। এর দাম শুরু ১ লাখ ৬৩ হাজার ৫০০ ইউরো থেকে।

এভাবেই নতুন মৌসুমে নিজেদের পছন্দ অনুযায়ী বিলাসবহুল গাড়ি পেয়েছেন রিয়াল মাদ্রিদের একাধিক তারকা ফুটবলার। গাড়িগুলোর মডেল, প্রযুক্তি ও পারফরম্যান্সেও রয়েছে বৈচিত্র্য।

  • BMW
  • Kagojer patrika
  • এমবাপ্পে
  • জুড বেলিংহাম
  • ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড
  • ভিনিসিয়ুস জুনিয়র
  • রিয়াল মাদ্রিদ