ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমাবর্তনের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
যেসব শিক্ষার্থী আগের নির্ধারিত ফি অনুযায়ী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
অফিস আদেশে আরও জানানো হয়েছে, সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক উপস্থিত থাকতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে একবার আসে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে নিবন্ধনের সময় বাড়ানো এবং ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এতে বিশ্ববিদ্যালয়কে কিছুটা অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে অতিরিক্ত ফি জমা দিয়েছেন, তাঁদের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে স্নাতক পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ, নিয়মিত মাস্টার্সে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং সান্ধ্যকালীন মাস্টার্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ ছাড়া ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট সভা পর্যন্ত অনুমোদিত এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।
নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।