ছবি: সংগৃহীত

দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে ইরান। নতুন প্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হতে পারে। একই সঙ্গে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে এগুলো প্রতিহত করাও কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সামরিক বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (এইআই) অধীন ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বয়ে নতুন ধরনের শক্তিশালী অস্ত্র তৈরি করছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রে উন্নত প্রপালশন বা চালনা ব্যবস্থা এবং আঘাত হানার আগে দিক পরিবর্তনে সক্ষম ওয়ারহেড যুক্ত করা হচ্ছে। এর ফলে লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতাও বাড়তে পারে।
বিশ্লেষকদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কিছু ভিডিও প্রকাশ করেছে। এসব তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বিদ্যমান প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি।
আইএসডব্লিউর বিশ্লেষণ অনুযায়ী, হাজ কাসেম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রপালশন ব্যবস্থা এবং খাইবার শেকান, খাইবার শেকান-২ ও ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রযুক্তির সমন্বয়ে নতুন সংস্করণ তৈরি করছে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের শক্তিশালী চালনা ব্যবস্থা লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর সময় এর গতি বাড়াতে সক্ষম। এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় কমে যেতে পারে। পাশাপাশি আঘাতের তীব্রতাও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এসব ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ইরানের বিদ্যমান শিল্প ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে। তবে দেশটি ব্যাপক পরিমাণে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের শুরুতে বিবিসির এক প্রতিবেদনে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে নতুন নির্মাণকাজের তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ভবিষ্যৎ হামলা থেকে সামরিক অবকাঠামো রক্ষা করতে কিছু স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামতের কাজও চলছে।
প্রতিবেদন অনুযায়ী, শাহরুদ এলাকার একটি স্থাপনায় খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা বিশ্লেষক।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং সামরিক উৎপাদন সক্ষমতা ধ্বংস করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন।
তবে পরবর্তী সময়ে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়ায়। এর আগে কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনাও ঘটে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন।
নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।
এদিকে, দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধে শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (ISW) ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট।