ছবি: সংগৃহীত

টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর সেনাসদস্যদের কয়েকদিনের ছুটি ও বিশ্রামের সুযোগ দেওয়াই ছিল এর উদ্দেশ্য। তবে ডাঙায় পা রাখার পরই বিপত্তিতে পড়েছেন দুই মার্কিন নাবিক।
থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপানের পর নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন ওই দুই নাবিক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে একটি বারের বাইরে দুই মার্কিন নাবিককে হাতাহাতি করতে দেখে স্থানীয় এক বাসিন্দা পুলিশে খবর দেন। খবর পেয়ে থাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যৌথ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়।
পরে সেখান থেকে ওই দুই নাবিককে দ্রুত ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়।
স্থানীয় প্রশাসনের মতে, ঘটনাটি বড় ধরনের কিছু না হলেও থাই পুলিশ ও মার্কিন কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি। ছুটিতে গিয়ে নিয়ম ভঙ্গ করায় দুই নাবিককে শাস্তির মুখে পড়তে হয়েছে। পাঁচ দিনের ছুটির বাকি সময় তাদের জাহাজের ভেতরেই কাটাতে হবে।
ইরান যুদ্ধসংক্রান্ত মিশনে টানা ২৮৬ দিন একটানা সাগরে থাকার পর যুদ্ধজাহাজটি থাইল্যান্ডে নোঙর করেছিল। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকায় অনেক সেনাসদস্যের মধ্যে মানসিক চাপ ও কষ্ট তৈরি হয়েছিল। এ কারণে সাময়িক বিরতিতে থাইল্যান্ডে এসে তারা কিছুটা স্বস্তি ও বিনোদনের সুযোগ পেয়েছিলেন।
নাবিকদের আগমনে স্থানীয় ব্যবসায়ীরাও আশাবাদী ছিলেন। তাদের ঘিরে পাতায়ার পর্যটন ও স্থানীয় ব্যবসায় অর্থনৈতিক গতি আসবে বলে আশা করা হয়েছিল। তবে ছুটির শুরুতেই নিয়ম ভেঙে মারামারিতে জড়িয়ে ওই দুই নাবিক নিজেদের ছুটিই নষ্ট করেছেন।