সন্তান মাদকসহ আটক’ বলে প্রতারণা, চারঘাটে দেড় শতাধিক অভিভাবককে টার্গেট

নিজেস্ব প্রতিবেদক , শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

আপনার সন্তান মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের হাতে আটক হয়েছে’—ফোনে এমন কথা বলে রাজশাহীর চারঘাটে শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয়ে মামলা, আদালত ও সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে এমন একাধিক ঘটনায় চারঘাট উপজেলার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিত্তশালী পরিবারের দেড় শতাধিক শিক্ষার্থীর অভিভাবকের কাছে ফোন করেছে চক্রটি। এর মধ্যে অর্ধশতাধিক অভিভাবককে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।

চারঘাট উপজেলার আশকরপুর এলাকার ব্যবসায়ী মো. মনিরুজ্জামানের মোবাইল ফোনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে জানান, তাঁর কিশোর ছেলেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আটক করা হয়েছে।

বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য ফোনের অপর প্রান্ত থেকে তাঁর সন্তানের কান্নার শব্দও শোনানো হয়। ছেলেকে ছাড়াতে হলে ৪০ হাজার টাকা দিতে হবে বলে জানানো হয়।

হঠাৎ এমন ফোন পেয়ে মনিরুজ্জামান ঘাবড়ে যান। একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাওয়ার পরও থামেনি প্রতারকরা। সাংবাদিকদের দেওয়ার কথা বলে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে খোঁজ নেন মনিরুজ্জামান। পরে জানতে পারেন, তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে নিজ বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই রয়েছে। তখন তিনি বুঝতে পারেন, প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। পরে চারঘাট থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকরা সাধারণত ফোন করে প্রথমেই শিক্ষার্থীর নাম, শ্রেণি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলে। এতে অনেক অভিভাবক প্রথমে ফোনের তথ্যকে সত্য বলে ধরে নেন।

এরপর নিজেদের পুলিশ বা ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয়, সন্তান মাদকদ্রব্যসহ আটক হয়েছে। মামলা হলে আদালতে যেতে হবে এবং সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে—এমন ভয় দেখানো হয়।

বিশ্বাসযোগ্যতা বাড়াতে কখনও পুলিশের ওয়্যারলেস, গাড়ির সাইরেন কিংবা সন্তানের কান্নার মতো কণ্ঠ শোনানো হয়। পরে দ্রুত বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে চাপ দেওয়া হয়।

টাকা পাঠানোর পর অনেক অভিভাবক সন্তানকে ফোন করে বা বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানতে পারেন, সন্তান সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

গত ২৪ আগস্ট উপজেলার পিরোজপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলীর কাছেও একই ধরনের ফোন আসে। তাঁকে জানানো হয়, তাঁর কিশোর ছেলেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আটক করা হয়েছে।

এরপর সন্তানের কণ্ঠ নকল করে কান্নার শব্দ শোনানো হয়। মামলা থেকে ছেলেকে বাঁচাতে দ্রুত ৩০ হাজার টাকা পাঠাতে বলা হয় তাঁকে।

মুরাদ আলী জানান, তাঁর ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। পুলিশের ওয়্যারলেস ও গাড়ির সাইরেনের শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে কারও সঙ্গে বিষয়টি শেয়ার না করতে বলা হয়।

ভয়ে তিনি বাড়ি থেকে টাকা এনে প্রতারকদের দেওয়া নম্বরে ৩০ হাজার টাকা পাঠান। পরে বাড়িতে গিয়ে দেখেন, তাঁর ছেলে ঘুমাচ্ছে।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। তবে তাঁর অভিযোগ, প্রায় ১০ দিন পার হলেও পুলিশ তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

একইভাবে উপজেলার রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হানের কাছেও ফোন করে তাঁর ছেলেকে আটকের কথা জানানো হয়। তবে তিনি বাসায় ফোন করে জানতে পারেন, ছেলে বাড়িতেই রয়েছে। পরে তিনিও থানায় অভিযোগ করেন।

গত ৩০ আগস্ট উপজেলার বড়বড়িয়া এলাকার হাবিবুর রহমানের কাছ থেকে একই কায়দায় ২৪ হাজার টাকা এবং ২৭ আগস্ট রায়পুর এলাকার আলতাফ হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চারঘাটে এভাবে প্রতারণার শিকার হয়ে মোট কতজন অভিভাবক অর্থ হারিয়েছেন, সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসে দেড় শতাধিক অভিভাবককে ফোন করেছে চক্রটি। এর মধ্যে অর্ধশতাধিক অভিভাবক টাকা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতারকরা শিক্ষার্থীদের নাম, শ্রেণি ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য কীভাবে সংগ্রহ করছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব ব্যক্তিগত তথ্যের নির্দিষ্ট উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে পর্যাপ্ত প্রচার বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

চারঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁকেও একই কায়দায় ফোন করে তাঁর ছেলের কথা বলে প্রতারণার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন শিক্ষকের কাছে নিয়মিত এ ধরনের ফোন আসছে বলেও জানান তিনি।

তাঁর দাবি, অনেক শিক্ষক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি কাউকে না জানিয়ে প্রতারকদের টাকা দিয়ে দিচ্ছেন। প্রতারকদের ব্যবহৃত নম্বরগুলো সংগ্রহ করে থানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ও ডিবির পরিচয়ে অভিভাবকদের ফোন করে টাকা দাবির বিষয়টি পুলিশের নজরে এসেছে। প্রতারক চক্রকে শনাক্ত করতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ফোনে সন্তান আটকের কথা জানিয়ে কেউ টাকা চাইলে যাচাই না করে কোনো ধরনের অর্থ পাঠানো উচিত নয়।

রাজশাহী জেলা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রাকিব সরকার বলেন, এ ধরনের প্রতারণার শিকার ব্যক্তি থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেরও আশ্রয় নিতে পারেন।

থানা মামলা নিতে গড়িমসি করলে বা অভিযোগের পর কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আইনজীবীর মাধ্যমে আদালতে নালিশি মামলা করা যেতে পারে। আদালত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।

তিনি আরও বলেন, দ্রুত প্রতিকার পেতে প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বর, কল রেকর্ড, টাকা পাঠানোর ট্রানজেকশন আইডি এবং অন্যান্য প্রমাণ সংরক্ষণ করা জরুরি।

সন্তানকে মাদকসহ আটকের কথা বলে হঠাৎ ফোন এলে আতঙ্কিত না হয়ে প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবারের সদস্য বা স্থানীয় থানার মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

  • Kagojer patrika
  • চারঘাট প্রতারণা
  • পুলিশ পরিচয়ে প্রতারণা
  • প্রতারক চক্র
  • রাজশাহী প্রতারণা
  • সন্তান আটকের ভয়
  • সাইবার ক্রাইম