প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার, থাকছে শেষ সপ্তাহের স্মৃতিও

সাহিত্য ডেস্ক , শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত সদস্য প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছোট ভাই চার্লস স্পেন্সার। বইটিতে ডায়ানার জীবন, ভাই-বোনের সম্পর্ক এবং মৃত্যুর আগের শেষ সপ্তাহের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হবে।

‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ নামের বইটি যুক্তরাজ্যে আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বইটির প্রকাশক মাইকেল জোসেফ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ডায়ানাকে ঘিরে নিজের স্মৃতি ও ভাবনা এবারই প্রথম বইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে প্রকাশ করছেন চার্লস স্পেন্সার।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি সামনে রেখে বইটি প্রকাশ করা হচ্ছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। তাঁর মৃত্যুর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত শেষকৃত্যে ভাই চার্লস স্পেন্সার আবেগঘন বক্তব্য দিয়েছিলেন।

বইটি লেখার কারণ ব্যাখ্যা করে স্পেন্সার জানিয়েছেন, ডায়ানার ৩০তম মৃত্যুবার্ষিকী সামনে আসায় তাকে আবারও বোনকে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এসব অনুরোধই তাকে নিজের স্মৃতি ও ভাবনাগুলো একসঙ্গে লিখে রাখার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।

চার্লস স্পেন্সারের মতে, সময়ের সঙ্গে ডায়ানাকে নিয়ে নানা ধরনের মতামত ও বক্তব্য ছড়িয়ে পড়েছে। এর কিছু তার কাছে সত্য বলে মনে হয়নি। তাই অন্যদের মতামত নিয়ে অস্বস্তিতে থাকার পরিবর্তে নিজের দেখা ও জানা ডায়ানার গল্প নিজেই তুলে ধরতে চেয়েছেন তিনি।

স্পেন্সার জানিয়েছেন, ভাইয়ের দৃষ্টিতে ডায়ানার প্রকৃত পরিচয় তুলে ধরাই বইটির অন্যতম উদ্দেশ্য। বোনের শেষকৃত্যে দেওয়া বক্তব্যের মতো এবারও তিনি ডায়ানার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

প্রকাশনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বইটিতে এমন কিছু স্মৃতি ও তথ্য রয়েছে, যা পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। একই সঙ্গে বইটি প্রিন্সেস ডায়ানার প্রতি চার্লস স্পেন্সারের একটি আবেগঘন শ্রদ্ধার্ঘ্য হিসেবেও বিবেচিত হবে।

চার্লস স্পেন্সারের আশা, যারা ডায়ানাকে জীবিত অবস্থায় দেখেছেন এবং তাঁর স্মৃতি এখনো মনে রেখেছেন, তারা বইটি উপভোগ করবেন। পাশাপাশি যেসব তরুণ ডায়ানার জনপ্রিয়তার সময়টি দেখেননি, বইটির মাধ্যমে তারাও যেন জানতে পারেন ডায়ানা ব্যক্তিগত জীবনে কেমন মানুষ ছিলেন।

  • Kagojer patrika
  • চার্লস স্পেন্সার
  • ডায়ানাকে নিয়ে বই
  • ডায়ানার মৃত্যু
  • প্রিন্সেস ডায়ানা
  • ব্রিটিশ রাজপরিবার
  • সোয়ান সং