দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি বিভাগ

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ২২ জুলাই, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারের দাবি, বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রল, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। ফলে জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম ব্যবস্থা নিয়েছে। চলতি মাসের শেষ নাগাদ দেশে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হবে। এছাড়া আগামী আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে, যা জ্বালানির সরবরাহ আরও শক্তিশালী করবে।

গ্যাসের চাহিদা ও সরবরাহে ঘাটতি

প্রাকৃতিক গ্যাসের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে প্রতিদিন ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই ঘাটতি দীর্ঘদিনের হলেও বর্তমান সরকার নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে বলে জানান তিনি।

সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনের কারণ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনের বিষয়ে যুগ্ম সচিব জানান, একটি এলএনজি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)-এ আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। তবে কারিগরি দল ইতোমধ্যে মেরামতের কাজ করছে এবং আগামী দুই দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিকল্প রুটে জ্বালানি আমদানির প্রস্তুতি

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রধানত মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। হরমুজ প্রণালির অচলাবস্থার পর থেকে লোহিত সাগর রুট ব্যবহার করে আমদানি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বিকল্প রুট ব্যবহারের জন্যও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

  • Bangladesh Energy News
  • Kagojer patrika
  • গ্যাস সরবরাহ
  • জ্বালানি তেলের মজুদ
  • ডিজেল সংকট
  • বাংলাদেশ জ্বালানি বিভাগ