ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালত পৃথক রায়ে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।
আদালত সূত্রে জানা যায়, প্রথম মামলাটি ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে সংঘটিত হয়। আমপাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অভিযুক্ত নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
অপরদিকে, দ্বিতীয় মামলাটি ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামের একটি চাঞ্চল্যকর দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনা। ওই রাতে হাজেরা বেগম (৬০), তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে মোস্তফা তাদের খুঁজতে গিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পাটখেতে হাজেরা বেগম ও নাসরিন আক্তারের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও বিচার শেষে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা মামলার আসামি সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেন।
আদালতের রায়ে পৃথক দুই মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।