সমন্বিত উদ্যোগে বন্ধ হবে শিশুশ্রম, শিক্ষা খাতে বড় পরিকল্পনা সরকারের

ডিজিটাল ডেস্ক , মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬






                                        
                                       
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকায় বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না; শিক্ষা, পরিবার ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এ অনুষ্ঠানে শিশুশ্রম নিরসনের বিভিন্ন দিক তুলে ধরেন মাহ্দী আমিন।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতাই সরকারের সবচেয়ে বড় শক্তি।

নির্বাচনি ইশতেহারকে ভিত্তি ধরে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত। তাই নানা সীমাবদ্ধতার মধ্যেও এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহ্দী আমিন জানান, শিশুশ্রম নিরসনে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শিশুশ্রম বন্ধের সঙ্গে শিক্ষা ব্যবস্থা সরাসরি যুক্ত। কোনো পরিবার যেন সন্তানকে কাজে পাঠাতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে। প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া সারা দেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং এ কার্যক্রমের কাজও শুরু হয়েছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকে বাস্তবায়নে প্রতিফলিত হতে শুরু করবে।

শিক্ষা খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এমন বিনিয়োগ করতে হবে যার সুফল সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে।

তার মতে, পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তৈরি হবে।

শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বাবা-মায়ের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

এ প্রসঙ্গে তিনি সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করেন। তার মতে, হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হলে তাঁরা সন্তানদের পড়াশোনায় সেই অর্থ ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে শিশুদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।

মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে চলবে না। অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাই তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত বা হলিস্টিক নীতিমালা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শিশুশ্রম নির্মূল কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শিশুরা যেন শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের তরুণ জনশক্তির সৃজনশীলতা ও মেধার বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ জানান মাহ্দী আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • Kagojer patrika
  • ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশ সরকার
  • মাহ্দী আমিন
  • শিক্ষা খাতে সংস্কার
  • শিশুশ্রম নিরসন
  • শিশুশ্রম বন্ধ