ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য সামরিক হামলা এবং নতুন সরকার গঠন নিয়ে ইসরাইলের শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সোমবার (২৩ নভেম্বর) পার্লামেন্টে নিজ নিজ দলের বৈঠকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
বৈঠকে নেতানিয়াহু অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিরোধীরা ইরানের তাৎক্ষণিক নিরাপত্তা হুমকিকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। তার মতে, এই হুমকি মোকাবিলায় এখনই একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি।
তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারাই ইরানে নতুন সামরিক অভিযান চালানোর বিরোধিতা করছেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া বিলম্বিত করতেই নেতানিয়াহু নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।
নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে গাদি আইজেনকোট বলেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইরানে সামরিক হামলা চালাতে হবে—এমন কোনো জরুরি হুমকি তিনি দেখছেন না। তার মতে, যুদ্ধের পরিবর্তে ইরানের হাতে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
পাশাপাশি ৭ অক্টোবরের হামলার রাষ্ট্রীয় তদন্ত এবং সবার জন্য বাধ্যতামূলক সেনা পরিষেবা চালুর দাবি থেকেও সরে আসবে না তাদের পক্ষ।
এদিকে নতুন সরকার গঠন নিয়ে বিরোধী জোটের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। জোটের নেতা নাফতালি বেনেট লিকুদ পার্টির সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে বামপন্থী নেতা ইয়ার গোলান এ প্রস্তাবকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন।
গোলানের মতে, যেকোনো উপায়ে নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
জোটের শরিকদের মধ্যে ঐকমত্য তৈরি না হলে আইজেনকোট হঠাৎ জোট গঠনের ঘোষণা দিয়ে দ্রুত পার্লামেন্টে আস্থা ভোটের আহ্বান জানাতে পারেন। এতে তিনি সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সরকার ভেঙে গেলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হতে পারে।
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের প্রশ্ন এবং নতুন সরকার গঠন নিয়ে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে এই টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল