ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহণ সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় এ উদ্যোগের কথা জানান সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহণে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, পুরো গণপরিবহণ ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।
এ ব্যবস্থায় ‘গ্রস-কস্ট’ মডেল অনুসরণ করা হবে। মডেল অনুযায়ী, যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এ ব্যবস্থার ফলে বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে। পাশাপাশি গণপরিবহণ পরিচালনায় শৃঙ্খলা, সেবার মান এবং জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।