কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকার ফেরত দিলেন দরিদ্র চানাচুর বিক্রেতা আমির উদ্দিন

অভাব-অনটনের সংসার, ভাঙাচোরা ভাড়া ঘরে বসবাস। তবুও অন্যের সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ নেই সুনামগঞ্জ পৌর শহরের চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের (৩৫)। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন। তার এমন সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাস্বরূপ পাঁচ হাজার টাকা উপহার দেন সজল তালুকদার।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করছিলেন আমির উদ্দিন। এ সময় গাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি খুলে ভেতরে থাকা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেখতে পান। এরপরই ব্যাগটির প্রকৃত মালিকের সন্ধানে নেমে পড়েন তিনি।
স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার জানান, রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করানোর জন্য স্বর্ণকারের দোকানে যান। কাজ শেষে বাসার সামনে রিকশা থেকে নামার পর তিনি বুঝতে পারেন, হাতে থাকা ব্যাগটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগটি না পেয়ে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সদর থানায় বিষয়টি জানান সজল।
এদিকে সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে চালক আবু সাইদের সঙ্গে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাদের কথা শুনে আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ব্যাগটির সন্ধান পাওয়া যায়।
আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। নিজের কোনো বাড়িঘর নেই। অভাবের সংসারে প্রতিদিনই তাকে জীবিকার জন্য সংগ্রাম করতে হয়।
ব্যাগটি পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়ে আমির উদ্দিন বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। দোকানে তিনবার চুরি হয়েছে বলে সেখানে রাখা নিরাপদ মনে করিনি। পরে ছেলেকে দিয়ে সাবধানে রাখার জন্য ঘরে পাঠাই।’
স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে কষ্ট করে চলি। পরের জিনিসে লোভ নেই।’
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, স্বর্ণালংকার হারানোর অভিযোগ পাওয়ার পর পুলিশও সেগুলো উদ্ধারে কাজ করছিল। পরে আমির উদ্দিনের সততার কারণে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
অভাবের কাছে হার না মেনে সততা ও মানবিকতার পরিচয় দেওয়া আমির উদ্দিনের এই ঘটনা এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তার এমন উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, বরং তার নৈতিকতা ও মূল্যবোধে।