শাকিব খানের ‘মহব্বত’ সিনেমার নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

বিনোদন ডেস্ক , রবিবার, ২২ নভেম্বর, ২০২৬






                                        
                                       
‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান ও পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শক ও সিনেমাপাড়ায় ব্যাপক কৌতূহল তৈরি হয়। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর নাম আলোচনায় আসে। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম।

সাম্প্রতিক সময়ে প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে কিনজা হাশমির নামই চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে শাকিব খানের। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের অভিনেত্রীদের সঙ্গে কাজের পর এবার পাকিস্তানের পরিচিত মুখ কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

কে এই কিনজা হাশমি?

২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। ক্যারিয়ারের শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে পরিচিতি অর্জন করেন তিনি।

‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে নিজের জনপ্রিয়তা আরও বাড়ান।

এ ছাড়া টেলিছবি ‘রূপোশ’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কিনজা হাশমির। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

  • Kagojer patrika
  • কিনজা হাশমি
  • ঢালিউড
  • পাকিস্তানি অভিনেত্রী
  • মহব্বত সিনেমা
  • শাকিব খান
  • হিমেল আশরাফ