জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক? ডেঙ্গু-ম্যালেরিয়া পরীক্ষা নিয়ে চিকিৎসকদের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ঋতু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথাসহ নানা শারীরিক সমস্যা। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি বায়ুদূষণও এসব সমস্যার প্রকোপ বাড়িয়ে তুলছে। ফলে ভাইরাসজনিত সংক্রমণের পাশাপাশি দেখা দিচ্ছে অ্যালার্জির সমস্যাও। বিশেষ করে শিশুদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত? নাকি শুরুতেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা করানো প্রয়োজন?

চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া স্বাভাবিক। এর সঙ্গে বায়ুদূষণ ও বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যালার্জেন যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ফলে অনেকের মধ্যে সাধারণ সর্দি-কাশি ও ভাইরাল জ্বরের পাশাপাশি অ্যালার্জিজনিত সমস্যাও দেখা যাচ্ছে।

সাধারণত ভাইরাসজনিত জ্বর তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমে আসে। এ ধরনের সংক্রমণে বেশির ভাগ ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধের প্রয়োজন হয় না। চিকিৎসক অজয় সরকারের মতে, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত সংক্রমণে অপ্রয়োজনে একাধিক ওষুধ সেবন করা উচিত নয়। বরং জ্বর কত দিন থাকছে এবং এর সঙ্গে নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, সেদিকে নজর রাখা জরুরি।

তবে জ্বরের সঙ্গে তীব্র কাঁপুনি, শরীরে প্রচণ্ড ব্যথা কিংবা চোখে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা ঠিক হবে না। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করানো যেতে পারে। পাশাপাশি রক্তের বিভিন্ন উপাদানের অবস্থা জানতে কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষার প্রয়োজন হতে পারে।

জ্বর হলে কী করবেন?

বিশেষ করে শিশুদের জ্বর হলে নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক বা একাধিক ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। জ্বরের স্থায়িত্ব, উপসর্গের ধরন এবং শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই চিকিৎসক পরবর্তী চিকিৎসা ও পরীক্ষার সিদ্ধান্ত নেবেন।

মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়; ভাইরাসজনিত সাধারণ জ্বরে এটি কার্যকর নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।

শিশুর শ্বাসকষ্ট, অস্বাভাবিক নিস্তেজতা, খিঁচুনি, পানি পান করতে না পারা কিংবা জ্বরের সঙ্গে গুরুতর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

  • Kagojer patrika
  • অ্যান্টিবায়োটিক
  • ঋতু পরিবর্তন
  • ডেঙ্গু
  • ভাইরাল জ্বর
  • ম্যালেরিয়া
  • স্বাস্থ্য সংবাদ