মোবাইল নেটওয়ার্ক ছাড়াই স্যাটেলাইটে চলবে মেসেঞ্জার, যেভাবে ব্যবহার করবেন

আইটি ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্কের প্রচলিত সংযোগ না থাকলেও এবার স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে মেসেঞ্জার। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা পাঠানো ও গ্রহণের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলও করতে পারবেন। তবে স্যাটেলাইটের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ নির্ভর করবে মোবাইল অপারেটর, গ্রাহকের প্যাকেজ এবং সংশ্লিষ্ট এলাকার স্যাটেলাইট কভারেজের ওপর।

মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইট নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপের চ্যাট বিভাগে ‘ইউ আর কানেক্টেড বাই স্যাটেলাইট’ লেখা একটি বার্তা দেখা যেতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবেন, তার ডিভাইসটি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করছে।

তবে স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এ ধরনের সংযোগে বার্তা পাঠানো ও গ্রহণে বিলম্ব হতে পারে। ইন্টারনেটের গতি কম কিংবা সংযোগ অস্থিতিশীল থাকতে পারে। ভয়েস ও ভিডিও কলের মান কমে যাওয়া, মাঝপথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া কিংবা কল সংযোগ স্থাপনে ব্যর্থতার মতো সমস্যাও দেখা দিতে পারে।

এ ছাড়া আবহাওয়ার কারণে স্যাটেলাইট সংযোগের কার্যকারিতা কমে যেতে পারে। বড় আকারের ছবি ও ভিডিও পাঠাতে বেশি সময় লাগতে পারে। কখনো কখনো এসব ফাইল পাঠানো সম্ভব নাও হতে পারে। সংযোগ ব্যবহারের সময় মেসেঞ্জার ধীরগতিতে কাজ করতে পারে বা সাময়িকভাবে সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে।

স্যাটেলাইট সংযোগ পেতে যা করবেন

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হলে কয়েকটি বিষয় অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথমেই নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দিচ্ছে কি না এবং গ্রাহকের ব্যবহৃত প্যাকেজে এ সুবিধা রয়েছে কি না। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় স্যাটেলাইট সেবা চালু আছে কি না, সেটিও জানতে হবে।

সংযোগ পেতে খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে পরিষ্কার দৃষ্টিসীমা রয়েছে, এমন স্থানে অবস্থান করতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপ ও মোবাইল ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া আবহাওয়ার অবস্থাও বিবেচনায় রাখতে হবে। কারণ মেঘলা বা ঝড়ো আবহাওয়া স্যাটেলাইট সংযোগের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

  • Facebook Messenger
  • Kagojer patrika
  • প্রযুক্তি সংবাদ
  • মেসেঞ্জার
  • মোবাইল নেটওয়ার্ক
  • স্যাটেলাইট ইন্টারনেট
  • স্যাটেলাইট সংযোগ