ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।
শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের (USGS) তথ্য অনুযায়ী, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।
এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।