ক্রিকেটে ইতিহাস গড়ল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, কোস্টারিকাকে হারিয়ে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি-আইসিসি

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসবাস এই দ্বীপে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘদিন ধরে এই দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। ফুটবল মাঠেও দুই দেশের বৈরিতার পেছনে ফকল্যান্ড ইস্যুর প্রভাব রয়েছে। সেই দ্বীপপুঞ্জ এবার ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে।

আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকল দ্বীপপুঞ্জটির আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অভিষেক। শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার স্বীকৃত কোনো প্রতিযোগিতাও এই প্রথম অনুষ্ঠিত হলো সেখানে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেন, কোনো আন্তর্জাতিক আয়োজনের পরিকল্পনা করতে তাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু যাতায়াতের ব্যবস্থা নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের সংস্থানসহ নানা বিষয় বিবেচনায় নিতে হয়।

তিনি বলেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ সব বিষয়েই ভাবতে হয়।’

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল এবং দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতো।

২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপর পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ২০০৭ সালে আইসিসির সদস্যপদ লাভ করে দ্বীপপুঞ্জটি।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এই বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।

দ্বীপপুঞ্জটিতে যাতায়াত ব্যবস্থাও বেশ সীমিত। সপ্তাহে মাত্র একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, যা চিলির রাজধানী সান্তিয়াগো থেকে আসে।

আবহাওয়াও সব সময় ক্রিকেটের অনুকূলে থাকে না। সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত ক্রিকেট খেলার উপযোগী পরিবেশ পাওয়া যায়। কখনো কখনো এপ্রিল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে।

সব ধরনের সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন এবং কোস্টারিকার বিপক্ষে সিরিজ জয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে।

  • Kagojer patrika
  • আইসিসি
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • কোস্টারিকা
  • ক্রিকেট ইতিহাস
  • টি-টোয়েন্টি ক্রিকেট
  • ফকল্যান্ড দ্বীপপুঞ্জ