ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমাজে বিয়ের পর দম্পতিদের সন্তান নেওয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন ও সামাজিক চাপের মুখে পড়তে হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাতৃত্বকে অনেক সময় জীবনের পূর্ণতা ও যোগ্যতার অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সন্তান না হলে কিংবা সন্তান নিতে দেরি হলে একজন নারীকে নানা ধরনের সামাজিক কটূক্তি ও মানসিক চাপের মুখোমুখি হতে হয়।
অথচ একজন নারীর পরিচয় কি কেবল মাতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ? তাঁর শিক্ষা, পেশাগত সাফল্য, ব্যক্তিত্ব, মানবিক গুণাবলি কিংবা সামাজিক অবদান কি মাতৃত্বের চেয়ে কম গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সমাজে এই প্রশ্নগুলো নতুন করে সামনে এসেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে। সেখানে স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানো এক নারীর ঘটনা দাম্পত্য সম্পর্ক, মাতৃত্ব এবং পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
সমাজবিজ্ঞান ও জেন্ডার বিশ্লেষণে দেখা যায়, মাতৃত্বকে নারীর স্বাভাবিক ও অপরিহার্য দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো কাজ করছে। সামাজিক নির্মাণবাদ অনুসারে, সমাজে প্রচলিত অনেক ধারণা জন্মগত নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে। মাতৃত্বকে নারীর বাধ্যতামূলক দায়িত্ব হিসেবে বিবেচনা করার প্রবণতাও এমন একটি সামাজিক নির্মাণ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সন্তান না হওয়ার দায় প্রায়ই নারীর ওপর চাপিয়ে দেওয়া হয়। সমাজের একটি অংশ সন্তান জন্ম দিতে না পারা নারীকে ‘অপূর্ণ’, ‘অক্ষম’ কিংবা ‘অভাগী’ হিসেবে চিহ্নিত করে। এতে তাঁরা শুধু দাম্পত্য জীবনেই নয়, বৃহত্তর সামাজিক পরিসরেও অবমূল্যায়ন ও মানসিক চাপের শিকার হন।
অথচ চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে বন্ধ্যত্ব নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। বিভিন্ন গবেষণায় পুরুষের প্রজননস্বাস্থ্যকে সন্তান ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। বন্ধ্যত্বের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের শারীরিক সমস্যাও দায়ী হতে পারে। তা সত্ত্বেও সামাজিকভাবে প্রায়ই শুধু নারীদের দায়ী করা হয়। ফলে চিকিৎসাবিজ্ঞানের একটি বিষয়কে নারীর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে উপস্থাপন করা হয়।
একজন নারী সংসারে ভালোবাসা, শ্রম, যত্ন, অর্থনৈতিক অবদান ও আবেগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সন্তান জন্ম দিতে অক্ষম হলে অনেক সময় তাঁর এসব অবদানও উপেক্ষিত হয়। এটি শুধু জেন্ডার বৈষম্য নয়, বরং নারীর ব্যক্তিসত্তা ও মানবিক মর্যাদার অবমূল্যায়ন।
তবে মাতৃত্ব নারীর জীবনে গুরুত্বপূর্ণ ও অর্থবহ অভিজ্ঞতা হতে পারে। কিন্তু এটি প্রত্যেক নারীর জন্য বাধ্যতামূলক পরিচয় নয়। একজন নারী মা হবেন কি না, কখন হবেন কিংবা আদৌ হবেন না—সেটি তাঁর ব্যক্তিগত অধিকার ও সিদ্ধান্তের বিষয়। একইভাবে দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ভালোবাসা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও সমান মর্যাদা; কেবল সন্তান জন্মদান নয়।
সুতরাং, মাতৃত্ব নারীর একটি পরিচয় হতে পারে, কিন্তু তাঁর যোগ্যতা, পূর্ণতা কিংবা মানবিক মর্যাদার একমাত্র মাপকাঠি নয়। নারীর অধিকার ও ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করার পাশাপাশি পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। নারীকে মাতৃত্বের পরিচয়ের বাইরে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে মূল্যায়ন করার সংস্কৃতি গড়ে উঠলেই প্রকৃত জেন্ডার সমতা প্রতিষ্ঠার পথ সুগম হবে।