দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: সংগৃহীত

নতুন সাজে সামাজিক মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গাঢ় গোলাপি রঙের পোশাকে তার নজরকাড়া উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভালোবাসা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘদিন ধরেই অভিনয়ে নিয়মিত নন পূর্ণিমা। সর্বশেষ তিন বছর আগে নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর নিয়মিতভাবে পর্দায় দেখা যায়নি একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে। মাঝেমধ্যে দু-একটি কাজে যুক্ত হলেও অভিনয়ে নিয়মিত হতে পারেননি।
তবে অভিনয়ে অনিয়মিত থাকলেও বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে দেখা যায় তাকে। এসব কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নতুন নতুন সাজের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা এবং পুঁতির কাজ তার সাজে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি চোখের মেকআপ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি। ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটিতে সাজে এসেছে পূর্ণতা।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’
অভিনেত্রীর এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। প্রকাশিত ছবিগুলোতে ১৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ১০০।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’
ভক্তদের এসব মন্তব্য ও প্রতিক্রিয়ায় আবারও স্পষ্ট হয়েছে, দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকলেও দর্শকদের কাছে পূর্ণিমার জনপ্রিয়তা এখনো অটুট।