মেঘনা আলম। ছবি- সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপপরিচালক সুমিত্রা সেন।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি অনুযায়ী তাঁর বক্তব্য গ্রহণ করা হয়। গতকাল দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সম্প্রতি কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে।
অভিযোগটির অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।