ছবি: সংগৃহীত

স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর দুটি অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটি নতুন করে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে এগুলোর আপডেট সুবিধাও।
তবে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে অ্যাপ দুটি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। যদিও নতুন সংস্করণ প্রকাশের বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।
‘কুইক মেজার’ অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য, দূরত্ব কিংবা কোনো স্থানের আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, ‘এআর ডুডল’ ব্যবহার করে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করা সম্ভব।
অ্যাপ দুটি বন্ধের বিষয়ে গ্যালাক্সি স্টোরে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যামসাং। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে নতুন করে অ্যাপ দুটি ইনস্টল করা যাবে না। পাশাপাশি বিদ্যমান সংস্করণগুলোর জন্যও আর কোনো আপডেট প্রকাশ করা হবে না।
তবে নির্ধারিত সময়ের আগে যেসব ব্যবহারকারী নিজেদের ডিভাইসে অ্যাপ দুটি ইনস্টল করবেন, তারা সেগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন। যদিও কিছু ফিচারের কার্যকারিতা ব্যাহত হতে পারে।
এ ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যাপ দুটির জন্য আর কোনো হালনাগাদ প্রকাশ করবে না স্যামসাং। ফলে ২০২৭ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার ও এআর ডুডলের কিছু সুবিধা কাজ করা বন্ধ করে দিতে পারে।
অ্যাপ দুটি বন্ধের সিদ্ধান্তের কারণে ব্যবহারকারীদের যে অসুবিধার মুখোমুখি হতে হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে স্যামসাং। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফেরার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে নতুন সংস্করণে কুইক মেজার ও এআর ডুডল কবে ফিরবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। পাশাপাশি অ্যাপ দুটির বর্তমান ফিচার অন্য কোনো সেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কি না, সেটিও স্পষ্ট করেনি স্যামসাং।
যারা এখনো অ্যাপ দুটি ব্যবহার করছেন কিংবা নতুন করে ব্যবহার করতে চান, তাদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের উপযোগী সংস্করণ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।