ছবি: সংগৃহীত

নাচের দক্ষতা ও অভিনয়গুণে অল্প সময়ের মধ্যেই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীলীলা। বিশেষ করে তেলুগু সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে বর্তমানে শুধু দক্ষিণী সিনেমাতেই সীমাবদ্ধ নেই তার কর্মজীবন। তামিল ও কন্নড় সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। চলতি মাসেই ধনুশের সঙ্গে অভিনীত নতুন সিনেমা ‘ওম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, দক্ষিণী সিনেমায় শ্রীলীলার কাজের সংখ্যা কমে গেছে। এমনকি হাতে নতুন সিনেমার প্রস্তাবও নেই বলে দাবি করছেন অনেকে। তবে এসব গুঞ্জনের বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল শ্রীলীলা অভিনীত ‘স্কন্দ’ সিনেমা। এরপর ‘ভগবন্ত কেশরী’, ‘আদিকেশব’, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ও ‘গুন্টুর করম’ সিনেমায় অভিনয় করেন তিনি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে মুক্তি পায় তার পাঁচটি সিনেমা।
তবে পরবর্তী সময়ে সিনেমায় তার উপস্থিতি তুলনামূলকভাবে কমে আসে। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ‘রবিনহুড’, ‘মাস জাঠারা’ ও ‘উস্তাদ ভগত সিং’সহ কয়েকটি তেলুগু সিনেমায় কাজ করেছেন তিনি। যদিও বক্স অফিসে ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। পরপর সিনেমার ব্যর্থতা এবং নতুন কাজের সংখ্যা কমে যাওয়ায় সামাজিক মাধ্যমে শ্রীলীলার ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা শুরু হয়।
বর্তমানে হিন্দি ও তামিল সিনেমাতেও কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি হায়দরাবাদে ‘ওম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিরতি নিয়ে কথা বলেন তিনি। জানান, কাজের অভাব নয়, বরং চিকিৎসাশাস্ত্রে ইন্টার্নশিপের কারণেই একটা সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে তাকে।
শ্রীলীলা বলেন, তিনি মুম্বাইয়ে দুই বছরের ইন্টার্নশিপ করছেন। এ কারণে একটা সময়ে সিনেমার প্রস্তাব পেয়েও কাজ করতে পারেননি। কারণ ইন্টার্নশিপের জন্য তাকে শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে হতো।
ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী জানান, খুব অল্প বয়সেই অভিনয়জগতে পা রেখেছিলেন তিনি। তখন যে সিনেমার প্রস্তাব আসত, সেগুলোতেই রাজি হয়ে যেতেন। নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বেছে নেওয়ার মতো পরিস্থিতি তখন তার ছিল না।
দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীলীলা বলেন, যেভাবে কাজ করে গেছেন এবং দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তার কাছে অনেক আনন্দের।
তবে সময়ের সঙ্গে নিজের কাজের ধরন ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন অভিনেত্রী। উপলব্ধি করেন, ক্যারিয়ারে কোন কাজ করবেন, তা বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর সঙ্গে কথোপকথনের কথাও উল্লেখ করেন তিনি। পরিচালকের পরামর্শ ছিল, নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেকেই নেওয়া উচিত।
অর্থাৎ দক্ষিণী সিনেমায় কাজের সুযোগের অভাব নয়, বরং চিকিৎসাশাস্ত্রে ইন্টার্নশিপ এবং নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে পরিকল্পনার কারণেই অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছিলেন শ্রীলীলা। তার বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যতে বেছে বেছে ভালো কাজ করার দিকেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।