ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বর্ণিল পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। বুধবার (১৮ নভেম্বর) ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই স্প্যানিশ তারকা।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে স্পেনের প্রথম শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন মাতা। এর দুই বছর পর ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন এই মিডফিল্ডার। ২০১৬ সালের পর আর স্পেনের জার্সিতে মাঠে নামা হয়নি তার।
রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হলেও ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দিয়ে পেশাদার ক্যারিয়ার গড়ে তোলেন মাতা। এরপর ২০১১ সালের আগস্টে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন তিনি। স্টামফোর্ড ব্রিজে থাকাকালে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপের শিরোপা জয়ের স্বাদ পান এই স্প্যানিশ তারকা।
২০১৪ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান মাতা। ২০২২ সালে ক্লাব ছাড়ার আগপর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপ, ইউরোপা লিগ ও লিগ কাপ জেতেন তিনি।
ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তুরস্কের গ্যালাতাসারেই, জাপানের ভিসেল কোবে এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে খেলেছেন মাতা। মেলবোর্ন ভিক্টরিতে কাটানো শেষ মৌসুমে পাঁচটি গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন তিনি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন মাতা। তার মতে, পেশাদার ফুটবল খেলা বন্ধ করলেও ফুটবলের সঙ্গে তার সম্পর্ক কখনো শেষ হবে না। এই খেলাকে ভালোবাসা এবং সমাজের উন্নয়নে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। তাই খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও ফুটবলার পরিচয় থেকে কখনো সরে দাঁড়াবেন না তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করা মাতার বিদায়ে শেষ হলো ইউরোপীয় ফুটবলের এক বর্ণিল অধ্যায়।