পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যারিস্টার শ ম রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর প্রায় আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে হামলার ঘটনা ঘটে।

তবে হামলায় বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে প্রাথমিকভাবে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • Kagojer patrika
  • অগ্নিসংযোগ
  • আওয়ামী লীগ
  • নাজিরপুর
  • পিরোজপুর
  • বাড়িতে হামলা
  • শ ম রেজাউল করিম